সব ধরনের ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বসান: কিম
-
কিম জং উন (মাঝে)
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, সম্প্রতি তার দেশ যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা পিয়ংইয়ংয়ের জন্য ‘বিশাল সাফল্য ও বিজয়’। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয় যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আলাচনায় বসতে যাচ্ছে তখন তিনি এ মন্তব্য করলেন।
গতকাল (বুধবার) সকালের দিকে উত্তর কোরিয়ার উপকূলীয় শহর সিনপোর কাছে দেশটির একটি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। কিম জং উন এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে দেশটির বিজ্ঞানীদেরকে সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বসানোর প্রচেষ্টা জোরদারের কথা বলেছেন। তিনি বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদী বাহিনীর আকস্মিক হামলার বিরুদ্ধে যাতে সর্বাত্মক লড়াই করা যায় সেজন্য এ ব্যবস্থা নিতে হবে।
বুধবার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে উড়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং জাপান সাগরে গিয়ে পড়ে। এর অর্থ হচ্ছে পুরো দক্ষিণ কোরিয়া এবং জাপানের অংশ বিশেষ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ও স্থিতিশীলতা যাচাই করার জন্য বুধবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া নিন্দা জানায়। আমেরিকাও একে উসকানিমূলক তৎপরতা উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এসব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫