জার্মানিতে ৫০০ দায়েশ সন্ত্রাসী ঢুকে পড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i19828-জার্মানিতে_৫০০_দায়েশ_সন্ত্রাসী_ঢুকে_পড়েছে_স্বরাষ্ট্রমন্ত্রী
জার্মানিতে অন্তত ৫০০ দায়েশ সন্ত্রাসী ঢুকে পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিদেশি সন্ত্রাসীদের পাশাপাশি ‘দেশীয়’ সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে জার্মানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৬ ০২:২৮ Asia/Dhaka
  • থমাস ডি মাইজিয়েরে
    থমাস ডি মাইজিয়েরে

জার্মানিতে অন্তত ৫০০ দায়েশ সন্ত্রাসী ঢুকে পড়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিদেশি সন্ত্রাসীদের পাশাপাশি ‘দেশীয়’ সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে জার্মানি।

বিল্ড পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মাইজিয়েরে বলেছেন, তার দেশে বর্তমানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৫২০ সন্ত্রাসী অবস্থান করছে। তারা এককভাবে বা সংগঠিত সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পাশাপাশি তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষাকারী আরো ৩৬০ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তিনি জানান, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এসব সন্ত্রাসীকে ইউরোপে পাঠানো হয়েছে। এ ধরনের সন্ত্রাসী এর আগে প্যারিস ও ব্রাসেলসে হামলা চালিয়েছে।

 এসব সন্ত্রাসীকে প্রতিহত করার জন্য জার্মান নিরাপত্তা বাহিনীগুলো সম্ভাব্য সব রকম প্রচেষ্টা চালালেও সন্ত্রাসী হামলার আশঙ্কাকে শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়।

গত ১৮ জুলাই জার্মানির উরজবার্গ শহরে ১৭ বছর বয়সি এক আশ্রয়প্রার্থী কুঠার হাতে একটি ট্রেনের যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় পাঁচ ব্যক্তি আহত হয়। এরপর পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ওই কিশোর। ধারণা করা হয়, আফগানিস্তান বা পাকিস্তান থেকে ইউরোপে গিয়েছিল সে।

এরপর ২৪ জুলাই ২৭ বছর বয়সি সিরিয়ার এক নাগরিক জার্মানির আন্সবাক শহরের একটি বারের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই ঘটনায় আহত হয় ১৫ জন। জার্মানিতে চালানো এ দু’টি হামলারই দায়িত্ব স্বীকার করে দায়েশ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১