আন্তর্জাতিক পর্যায়ে এই বিচারিক ব্যবস্থার আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে
আন্তর্জাতিক অপরাধ আদালত ত্যাগের ট্রাম্পের আহ্বান নাকচ করল জার্মানি
-
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) থেকে দেশগুলোকে বেরিয়ে যাওয়ার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করে জার্মানি বলেছে, জার্মানি হেগভিত্তিক এই আদালতের পাশে থাকবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল এ সম্পর্কে জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্ককে বলেছেন: “এটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অংশ। এটি আমাদের সভ্যতার ইতিহাসেরও অংশ,” বলেন ।
তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশে রয়েছি—এ বিষয়ে একেবারেই কোনো সন্দেহ নেই।”
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে “একদল দুষ্ট লোকের সংগঠন” বলে অভিহিত করেন। এরপর তিনি জোর দিয়ে বলেন, “আমি আইসিসির সদস্য সব দেশকে এই নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান থেকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।”
ভাদেফুল আরও বলেছেন, “সত্যি বলতে, বিষয়টির দিক থেকেও আমি এই আহ্বান বুঝতে পারছি না। এটি এমন একটি ক্ষেত্র, যেখানে আমাদের স্বীকার করতেই হচ্ছে যে মার্কিন প্রশাসনের নীতির সঙ্গে আমাদের দুঃখজনক পার্থক্য রয়েছে।”
জার্মানির শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা এবং যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
তিনি বলেন, “আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, অতীত ও বর্তমানের বিভিন্ন রায় ও সিদ্ধান্ত কীভাবে পশ্চিম বলকানে সংঘটিত নৃশংসতা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সবচেয়ে গুরুতর লঙ্ঘনগুলোর মোকাবিলা করেছে।”
ভাদেফুল আরও বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে এই বিচারিক ব্যবস্থার আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে।”
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ট্রাম্পের শাসনামলে আদালত এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জোরদার করেছে ওয়াশিংটন।
২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আন্তর্জাতিক বিচারিক এ সংস্থার ওপর ওয়াশিংটনের চাপ আরও তীব্র হয়। #
পার্সটুডে/এমএএইচ /২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।