উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করবে চীন
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন বলেছে, শুধুমাত্র নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যার সমাধান করা যাবে না। সম্প্রতি উত্তর কোরিয়া তার সবচেয়ে বড় পরমাণু বোমা পরীক্ষা করার পর যখন আমেরিকা ও জাতিসংঘ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ সৃষ্টি করেছে তখন চীন এ কথা বলল।
গত শুক্রবার উত্তর কোরিয়া তার পঞ্চম ও সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালায়। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তারা। এছাড়া, গতকাল উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি সুং কিম বলেছেন- আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান এককভাবে ও ত্রিপক্ষীয় নিষেধাজ্ঞা আরোপ করবে।
তবে এসব উদ্যোগের বিরোধিতা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, “এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা শুধুমাত্র চরম অবস্থার দিকে নিয়ে যাবে যেখান থেকে বের হওয়া কঠিন হবে।”
উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু বোমা পরীক্ষা করার পর চীন বলেছিল, পিয়ংইয়ং বৃদ্ধিদীপ্ত কাজ করে নি তবে দক্ষিণ কোরিয়া মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার পর আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২