তুরস্কে কূটনৈতিক মিশন বন্ধ করেছে জার্মানি
-
তুরস্কে জার্মানির দূতাবাস
জার্মানি জানিয়েছে, হামলার আশংকায় তুরস্কে তাদের সব কূটনৈতিক মিশন অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমর্থকরা জার্মানির কূটনৈতিক ভবনগুলোতে হামলা চালাতে পারে বলে খবর বের হওয়ার পর জার্মানি এ পদক্ষেপ নিয়েছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তুরস্কের রাজধানী আংকারায় তাদের দূতাবাস এবং ইস্তাম্বুলের প্রধান কনস্যুলার অফিসসহ সব কনস্যুলার অফিস বন্ধ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এসব কূটনৈতিক মিশন বন্ধ থাকবে বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক মিশনগুলো বন্ধের পেছনে কী কারণ রয়েছে তা উল্লেখ করে নি মন্ত্রণালয়।
এদিকে, জার্মানির বিল্ড পত্রিকা জানিয়েছে, উদুল আযহার সময় বিক্ষুব্ধ লোকজনের হামলা হতে পারে এমন তথ্য জানার পর বার্লিন এ সিদ্ধান্ত নিয়েছে। জার্মানির বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ‘দার স্পাইগেল’ সাম্প্রতিক ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনা করে বিশেষ সংখ্যা বের করেছে। এ পদেক্ষপকে আংকারা উসকানিমূলক বলে মন্তব্য করেছে। এরপর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কে নিজেদের কূটনৈতিক মিশন বন্ধের কথা জানাল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬