‘৩ দিনের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া’
-
চলতি বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া আগামী তিন দিনের মধ্যে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে খবর দিয়েছে আমেরিকা। দু’জন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’ মঙ্গলবার জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে এ পরীক্ষা চালাবে পিয়ংইয়ং।
তবে কোন সূত্রে কীভাবে এ তথ্য পাওয়া গেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা কত কিলোমিটার কিংবা এটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারবে কিনা সে সম্পর্কে ওই কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।
গতমাসে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয় উত্তর কোরিয়া। তবে চলতি বছর বিভিন্ন পাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্রের নজীরবিহীন পরীক্ষা চালিয়েছে দেশটি। এরমধ্যে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম ক্ষেপণাস্ত্রও ছিল যা দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি মার্কিন ভূখণ্ডে আঘাত হানা যায়।
এ ছাড়া, গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া দেশটির পঞ্চম ও সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ং’র বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে উত্তর কোরিয়া।
দেশটি বলছে, যতদিন মার্কিন সরকার পিয়ংইয়ং’র বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিহার না করবে ততদিন দেশটি তার পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে মোতায়েন সব মার্কিন সেনা প্রত্যাহার করারও শর্ত দিয়েছে উত্তর কোরিয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২