যতদিন প্রয়োজন জরুরি অবস্থা চলবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i26974-যতদিন_প্রয়োজন_জরুরি_অবস্থা_চলবে_তুরস্ক
তুরস্কে জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থা অনির্দিষ্টিকালের জন্য বলবৎ থাকবে বলে ঘোষণা করেছে আঙ্কারা। তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন জরুরি অবস্থা জারি থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ০৩:৩৯ Asia/Dhaka
  • তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস
    তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস

তুরস্কে জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থা অনির্দিষ্টিকালের জন্য বলবৎ থাকবে বলে ঘোষণা করেছে আঙ্কারা। তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন জরুরি অবস্থা জারি থাকবে।

তুরস্কে ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরপরই তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল যার মেয়াদ অক্টোবরে আরো তিন মাসের জন্য বাড়ানো হয়। সে সময় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছিলেন, এক বছর পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকতে পারে। তিনি বলেন, 'তুরস্কের জনগণের স্বার্থে'ই এটা করতে হবে।

তুরস্কের আইন অনুযায়ী, দেশে জরুরি অবস্থা জারি থাকলে নতুন আইন প্রণয়ন কিংবা যেকোনো বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারকে পার্লামেন্টের অনুমোদন নিতে হয় না। এই আইনের সুযোগ নিয়ে তুর্কি সরকার এরইমধ্যে এক লাখ ২৫ হাজার সরকারি চাকুরিজীবীকে বরখাস্ত এবং আরো হাজার হাজার মানুষকে কারাবন্দি করেছে। বন্দিদের ওপর অমানুষিক নির্যাতন চালানোরও অভিযোগ উঠেছে।

এ কারণে মানবাধিকার সংগঠনগুলো তুরস্ক থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে সরব হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে, তাদের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানোর কাজে জরুরি অবস্থার অপব্যবহার করছে এরদোগান সরকার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯