‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি
-
মাত্র ৩ মাসের ব্যবধানে ভোল পাল্টে ফেললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার এরদোগান আঙ্কারায় বলেন, “আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে যে নাকি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করিনি।”
এরদোগান এমন সময় একথা বললেন যখন গত আগস্টে তিনি সিরিয়ায় সেনা পাঠিয়েছিলেন দায়েশ সন্ত্রাসী ও কুর্দি বিদ্রোহীদের দমনের অজুহাতে।
সিরিয়ার ভূমি জবরদখলের ইচ্ছা আঙ্কারার নেই উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, তার উদ্দেশ্য সিরিয়ায় ‘ন্যায়বিচার’ প্রতিষ্ঠা করা। তবে নিজের দেশ রেখে আরেক দেশে কথিত ন্যায়বিচার প্রতিষ্ঠার অধিকার তার আছে কিনা সেকথা উল্লেখ করেননি এরদোগান।
সিরিয়ায় ২০১১ সালের গোড়ার দিকে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তার গণনামতে সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য তিনি জাতিসংঘকে দায়ী করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০