যেকোনো সময় আমেরিকায় হামলার উপযোগী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা: পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i30448-যেকোনো_সময়_আমেরিকায়_হামলার_উপযোগী_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_পিয়ংইয়ং
উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা যেকোনো সময় চালানো হতে পারে। দেশটি আরো বলেছে, মার্কিন বৈরী নীতিই পিয়ংইয়ংকে আইসিবিএম তৈরি করতে বাধ্য করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ২১:১৮ Asia/Dhaka
  • যেকোনো সময় আমেরিকায় হামলার উপযোগী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা: পিয়ংইয়ং

উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা যেকোনো সময় চালানো হতে পারে। দেশটি আরো বলেছে, মার্কিন বৈরী নীতিই পিয়ংইয়ংকে আইসিবিএম তৈরি করতে বাধ্য করেছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক মুখপাত্রের বরাত দিয়ে আজ (রোববার) এ খবর দিয়েছে। ওই মুখপাত্র বলেছেন, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আইসিবিএম ছোঁড়া হতে পারে। উত্তর কোরিয়া সরকারের সর্বোচ্চ সদর দফতর এটি নির্ধারণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন বৈরী নীতির কারণেই পিয়ংইয়ং আইসিবিএম পরীক্ষার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পিয়ংইয়ং আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এ কথা জানানো হলো।

পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ রয়েছে। তবে এ চাপ উপেক্ষা করে বিগত বছরগুলোতে দেশটি এ দুই ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছে। আইসিবিএম-এ ওয়ারহেড হিসেবে পরিচিত পরমাণু বোমা স্থাপনের বিষয়েও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে সম্প্রতি ঘোষণা করেছে পিয়ংইয়ং। এছাড়া, ৯ গত সেপ্টেম্বর পরমাণু ওয়ারহেডের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/৮