ট্রাম্প-পুতিন সাক্ষাতে কয়েক মাস সময় লেগে যাবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i31516-ট্রাম্প_পুতিন_সাক্ষাতে_কয়েক_মাস_সময়_লেগে_যাবে_রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কিন্তু এ ধরনের সাক্ষাতের প্রস্তুতি নিতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৭ ০৩:৩৬ Asia/Dhaka
  • ট্রাম্প-পুতিন সাক্ষাতে কয়েক মাস সময় লেগে যাবে: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কিন্তু এ ধরনের সাক্ষাতের প্রস্তুতি নিতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সাক্ষাৎ হবে না। সবচেয়ে দ্রুততর সময়ের মধ্যে হলেও এ সাক্ষাতের জন্য কয়েক মাস সময় লেগে যাবে।

শুক্রবার শপথ গ্রহণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। তার শপথ গ্রহণের একই সময়ে দেশব্যাপী লাখ লাখ মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই মুহূর্তে ট্রাম্প-পুতিন সাক্ষাতের ব্যাপারে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। তবে দুই নেতা ফোনে একবার কথা বললেই এই অবস্থার পরিবর্তন ঘটবে।

পেসকভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানানোর জন্য শিগগিরই তাকে ফোন করবেন প্রেসিডেন্ট পুতিন। এটি একটি নিয়মমাফিক ব্যাপার। ওই ফোনালাপে তারা সম্ভাব্য সাক্ষাতের বিষয়ে আলোচনা করবেন বলে ধারনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের মতবিরোধ বা দ্বন্দ্ব হবে না বলে যারা মনে করছেন তারা ‘মস্তবড় ভুলের’ মধ্যে আছেন বলেও মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে বড় দু’টি রাষ্ট্র। কাজেই আমরা দ্বন্দ্ব, সংঘাত ও অনুরাগ ছাড়া থাকতে পারব না।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২