ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘সাফল্য’ বলল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া রোববারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে। দেশটি তাদের নেতা কিম জং-উনের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য একটি ‘সাফল্য’ বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এটি ছিল ‘ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মাঝারি থেকে দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র'।
কেসিএনএ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলীয় পিয়োংগান প্রদেশের প্যাংগিয়ন বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ‘পুকগুকসং-২’ নামের ক্ষেপণাস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি কঠিন-জ্বালানীর ইঞ্জিন চালিত। এ ধরনের ইঞ্জিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অনেক বেশি শক্তি যোগায় এবং এর পাল্লা বাড়াতে সহায়তা করে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফলে কিম জং-উন ‘মহা সন্তোষ’ প্রকাশ করেছেন। এর মাধ্যমে দেশটির ক্ষমতা ও শক্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে বলেও খবরে দাবি করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি পূর্বদিকে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে। এটি প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাব দেয়ার জন্য উত্তর কোরিয়া যে পরীক্ষা চালিয়েছে তা উস্কানি ছাড়া আর কিছু নয়।
উত্তর কোরিয়া যাতে পূর্ণশক্তির পরমাণু অস্ত্রধর দেশে পরিণত হতে না পারে সেজন্য জাতিসংঘের পক্ষ থেকে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩