ফিনল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চান পুতিন
https://parstoday.ir/bn/news/world-i35384-ফিনল্যান্ডে_মার্কিন_প্রেসিডেন্টের_সঙ্গে_সাক্ষাৎ_করতে_চান_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ফিনল্যান্ডে আর্কটিক জাতিগুলোর পরবর্তী শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩১, ২০১৭ ০৩:২৩ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ফিনল্যান্ডে আর্কটিক জাতিগুলোর পরবর্তী শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন।

তিনি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আরখাংগেলস্কে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল আর্কটিক ফোরামে দেয়া এক বক্তৃতায় বলেন, এ ধরনের বৈঠক আয়োজনের জন্য ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি একটি উপযুক্ত স্থান।

চলতি বছরের গোড়ার দিকে ফিনিশ প্রেসিডেন্ট সৌলি নিনিস্তো বলেছিলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আর্কটিক জাতিগুলোর শীর্ষ সম্মেলন রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে প্রথম সাক্ষাতের উপযুক্ত ভেন্যু হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এ সম্পর্কে পুতিন আরো বলেন, যদি এ সাক্ষাৎ হয় তাহলে তিনি ওই সম্মেলনে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। যদি তা না হয় তাহলে জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশেও সে সাক্ষাৎ হতে পারে।

ট্রাম্প ও পুতিন এরইমধ্যে একাধিকবার বলেছেন, তারা রাশিয়া ও আমেরিকার মধ্যকার তিক্ত সম্পর্কের অবসান ঘটাতে চান।

২০১৪ সালে ক্রিমিয়ায় অনুষ্টিত এক গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটি ইউক্রেন থেকে বেরিয়ে রুশ ফেডারেশনে যোগ দেয়। এর জের ধরে শীতল যুদ্ধের পর আমেরিকা ও রাশিয়ার সম্পর্কের সবচেয়ে বেশী অবনতি হয়। তবে সাবেক প্রেসিডেন্ট ওবামার শাসনামলের সে শীতল সম্পর্কের উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১