ব্রিটেনে কনসার্টে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’: নিহত ১৯, আহত ৫০
ব্রিটেনের ম্যানচেস্টার সিটিতে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল (সোমবার) স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টারে মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপর হলরুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হলরুমে ২১ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এক মিনিটের ব্যবধানে পরপর দু টি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। বিস্ফোরণের পর সেখানে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। ওই স্টেডিয়ামের কাছে ভিক্টোরিয়া স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই বিস্ফোরণকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করে বলেছেন, “এই বিস্ফোরণের শিকার যারা হয়েছে এবং পুলিশ যেভাবে বলছে, তাতে এটা ভয়ংকর সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে।” এই হামলার পর প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করেছেন। এছাড়া, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে সর্বোতভাবে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি।
এ ঘটনায় শোক ও সমবেদনা্ জানিয়েছেন ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও। এক টুইট বার্তায় তিনি এই হামলাকে ‘ন্যক্কারজনক’ বলে উল্লেখ করে ঘটনাস্থলে জরুরি সেবাদানকারীদের কাজের প্রশংসা করেছেন।
এর আগে গত ২২ মার্চ ব্রিটেনের হাউস অব কমনসের পাশে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর গাড়ি নিয়ে হামলা চালায় এক সন্ত্রাসী। ওই হামলায় নিহত হয়েছিলেন পাঁচজন, আহত হয়েছিলেন ৪০ জনেরও বেশি মানুষ।#
পার্সটুডে/এআর/২৩