‘গণ-নজরদারির প্রযুক্তি গোপনে সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে’
নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সর্ববৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বিএই গণ-নজরদারির প্রযুক্তি গোপনে সৌদি আরবের কাছে বিক্রি করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি স্বৈরশাসকের কাছেও একই প্রযুক্তি বিক্রি করা হয়েছে।
বিবিসি এ সংক্রান্ত দলিলপত্র যোগাড় করেছে। এতে দেখা যাচ্ছে এ প্রযুক্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, আলজেরিয়া এবং মরক্কোর কাছে বিক্রি করেছে বিএই।
এ প্রযুক্তির সহায়তায় এক সঙ্গে অনেক মানুষের ইমেইল এবং মোবাইল ফোনের বিরুদ্ধে আড়িপাতা সম্ভব। সংকেতাবন্ধ ব্যবস্থার মাধ্যমে যে সব বার্তা আদান-প্রদান করা হয় তাও ভেঙ্গে ফেলতে পারে এ প্রযুক্তি।
মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, ভিন্নমতালম্বীদের মুখ বন্ধ করতে বা তাদের কারাগারে পাঠাতে এ প্রযুক্তির প্রয়োগ হয়েছে।
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, ব্রিটেন এবং তার মিত্রদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে এ প্রযুক্তি। এমনকি তাদের নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত করতে পারে।
ইয়েমেনে ২০১৫ সাল থেকে আগ্রাসনে জড়িত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করে যখন চাপের মুখে রয়েছে তখন ব্রিটেন নিয়ে এ খবর প্রকাশিত হলো।#
পার্সটুডে/মূসা রেজা/১৬