সৌদি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করে সমালোচনার মুখে থেরেসা
https://parstoday.ir/bn/news/world-i44378-সৌদি_সংক্রান্ত_প্রতিবেদন_প্রকাশ_না_করে_সমালোচনার_মুখে_থেরেসা
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রচণ্ড সমালোচনা করলেন ৯/১১ নামে পরিচিত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকায় নজিরবিহীন সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৌদি আরবের অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করায় এ সমালোচনা করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৮, ২০১৭ ১০:২৯ Asia/Dhaka
  • সৌদি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করে সমালোচনার মুখে থেরেসা

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রচণ্ড সমালোচনা করলেন ৯/১১ নামে পরিচিত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকায় নজিরবিহীন সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৌদি আরবের অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ না করায় এ সমালোচনা করা হয়।

চলতি গ্রীষ্মের গোড়ার দিকে ৯/১১এর ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা একটি চিঠিতে এ প্রতিবেদন প্রকাশ করার জন্য থেরেসা মের সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন। এতে লেখা হয়েছিল, সন্ত্রাসবাদ বিস্তারে অর্থায়ন সংক্রান্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করার সুযোগ থেরেসা মের গ্রহণ করা উচিত। থেরেসা মের পূর্বসূরি ডেভিড ক্যামেরন এ কমিশন গঠন করেছিলেন।

চিঠিতে বলা হয়, ওয়াহাবি মতবাদের মদদপুষ্ট হত্যাকাণ্ড বন্ধের ঐতিহাসিক সুযোগ পেয়েছে ব্রিটেন। সন্ত্রাসবাদ বিস্তারে অর্থায়ন বিষয়ক সরকারি প্রতিবেদন প্রকাশ করে এ সুযোগ ব্রিটেনের কাজে লাগানো উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়। সন্ত্রাসবাদকে অর্থায়ন সংক্রান্ত অপরাধ তৎপরতার কেন্দ্র সৌদি আরব বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে  দাবি করা হয়েছে। ব্রিটিশ প্রতিবেদনের বরাত দিয়েই এ দাবি করার কথা চিঠিতে বলা হয়। সন্ত্রাসবাদের অর্থায়নে সৌদি আরবের ভূমিকা যতই সূর্যালোক থেকে লুকিয়ে রাখা হবে সন্ত্রাসবাদ ততই দীর্ঘায়ত হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে ।

প্রতিবেদনে গোপনীয় বিষয় আছে দাবি করে এ প্রতিবেদন প্রকাশের আহ্বানকে নাকচ করে দিয়েছিলেন মে। এতে ক্ষুব্ধ হয়ে ৯/১১ ঘটনা থেকে রক্ষা পাওয়া শেরন প্রিমোলি ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্সকে বলেন, লন্ডন এবং ওয়াশিংটন কার্যত রিয়াদকে তার অপরাধ তৎপরতা অব্যাহত রাখার সুযোগ করে দিচ্ছে।

এ ছাড়া, ৯/১১ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত ছিনতাই করা বিমানের পাইলটের বিধবা স্ত্রী এলেন সারাসিনি বলেন, ১৫ বছর ধরে মার্কিন এবং ব্রিটিশ সরকার তথ্য আটকে দিচ্ছে। নিজ নিজ নাগরিকদের বিনিমিয়ে সৌদি আরবকে রক্ষার জন্য তথ্য আটকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  ৯/১১ ঘটনা নিহত ছেলের পিতা ব্রেট ইলেগসন বলেন, সৌদি স্বার্থ রক্ষায় নিজ নাগরিকদের বলি দিচ্ছে ব্রিটেন।

৯/১১ হামলায় জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক বলে জানা গেছে। এ ছাড়া, নানা আলামত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে হয় তাদের সঙ্গে সৌদি রাজপরিবারের হোমড়া-চোমড়াদের যোগসাজশ ছিল।#  

পার্সটুডে/মূসা রেজা/১৮