সামর্থ্য অনুযায়ী রোহিঙ্গাদের রক্ষায় এগিয়ে আসুন: বাহরাইনের ধর্মীয় নেতারা
বাহরাইনের ধর্মীয় নেতারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান নারকীয় হত্যাকাণ্ডকে মানবতার জন্য কলঙ্কজনক বলে অভিহিত করেছেন।
ইরানের ফার্স বার্তাসংস্থা জানিয়েছে, বাহরাইনের ধর্মীয় নেতারা আজ এক বিবৃতিতে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনা ও উগ্র বৌদ্ধদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যার যা সামর্থ্য আছে তাই নিয়ে রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে যাওয়া সব মুসলমানের ধর্মীয় দায়িত্ব। তারা মিয়ানমারের মুসলমানদের রক্ষায় মুসলিম সরকারগুলো ও ধর্মীয় নেতাদের মধ্যে জোট গঠনেরও আহ্বান জানান।
রোহিঙ্গা মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তাকে জাতিগত শুদ্ধি অভিযান অভিহিত করে বাহরাইনের ধর্মীয় নেতারা এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাহরাইনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা গত ২৫ আগস্ট থেকে নতুন করে হামলা শুরু করার পর শত শত অসহায় মুসলমান নিহত এবং হাজার হাজার মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। সেদেশের সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকারও কেড়ে নিয়েছে। #
পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/৭