‘মার্কিন পরমাণু বোমারু বিমান সতর্কবাস্থায় রাখা হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i47797-মার্কিন_পরমাণু_বোমারু_বিমান_সতর্কবাস্থায়_রাখা_হচ্ছে’
মার্কিন বিমান বাহিনী তাদের বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে যাতে ২৪ ঘণ্টার জন্য এ বহরকে সতর্কাবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ১৯৯১ সালের পর এই প্রথম মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেয়া হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ২২:১১ Asia/Dhaka
  • মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমান
    মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমান

মার্কিন বিমান বাহিনী তাদের বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছে যাতে ২৪ ঘণ্টার জন্য এ বহরকে সতর্কাবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ১৯৯১ সালের পর এই প্রথম মার্কিন বি-৫২ পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেয়া হলো।

গতকাল (রোববার) আমেরিকার একজন সিনিয়র সেনা কর্মকর্তা নিউজ ওয়েবসাইট ‘ডিফেন্স ওয়ান’কে জানান, নতুন হুমকির মাত্রা বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক নেতারা এ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন।

সামরিক কর্মকর্তাদের সঙ্গে কিম জং উন

মার্কিন এয়ারফোর্সের চিফ অব স্টাফ জেনারেল ডেভিড গোল্ডফিন বলেন, “পৃথিবীটা হচ্ছে বিপজ্জনক জায়গা এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আমরা প্রকাশ্যে কথাবার্তা শুনতে পাচ্ছি।” জেনারেল ডেভিড এ ব্ক্তব্যের মধ্যদিয়ে মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেয়া হুমকির দিকে ইঙ্গিত করলেন। সম্প্রতি, উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং দু দেশ একে অপরের ওপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে। 

ডেভিড গোল্ডফিন জানান, বি-৫২ বোমারু বিমান অস্ত্রসজ্জিত করার জন্য এখানো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ আসে নি তবে প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, “আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করার জন্য এখনো এক ধাপ বাকি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩