দেখামাত্র মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i49585-দেখামাত্র_মার্কিন_ড্রোনকে_গুলি_করে_ভূপাতিত_করার_নির্দেশ_দিল_পাকিস্তান
আকাশসীমা লঙ্ঘন করা হলে আমেরিকাসহ যেকোনো দেশের ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে পাকিস্তান সরকার তার দেশের বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যে সম্পর্কে যখন টানাপড়েন চলছে তখন পাকিস্তানের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৪:০২ Asia/Dhaka
  • মার্কিন ড্রোন
    মার্কিন ড্রোন

আকাশসীমা লঙ্ঘন করা হলে আমেরিকাসহ যেকোনো দেশের ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে পাকিস্তান সরকার তার দেশের বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যে সম্পর্কে যখন টানাপড়েন চলছে তখন পাকিস্তানের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

গত বৃহস্পতিবার পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেল আমান তার বাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

আমান বলেছেন, "আমরা কাউকেই আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেব না। বিমানবাহিনীকে বলেছি, এমন ঘটনা ঘটলে ড্রোনগুলিকে গুলি করে মাটিতে নামাতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিপন্ন করে যদি মার্কিন ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে তবে তাদেরও ছাড় দেয়া হবে না।" আমান ইসলামাবাদে দেয়া এক বক্তব্যে এ নির্দেশ দিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

এমন নির্দেশনার মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী তার আগের নীতি থেকে সরে এসেছে বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে এ বাহিনী তার ভূখণ্ডে কোনো মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানালেও সেগুলোকে ভূপাতিত করার কোনো নির্দেশ দেয় নি।

ঘটনাচক্রে আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের একটি উপজাতি অধ্যুষিত এলাকায় সপ্তাহ দু’য়েক আগে মার্কিন ড্রোন জঙ্গিদের একটি গোপন আস্তানায় হামলা চালিয়েছিল। এতে তিন জঙ্গির মৃত্যু হয়।এরপরই মার্কিন ড্রোন ভূপাতিত করা নির্দেশ দিল পাকিস্তান বিমানবাহিনী।#

পার্সটুডে/বাবুল আখতার/৯