আমরাও পাল্টা ব্যবস্থা নেব: আমেরিকাকে রাশিয়া
-
মার্কিন পরমাণু বোমারু বিমান
মার্কিন নতুন পরমাণু নীতির সমালোচনা করে রাশিয়া বলেছে, ওয়াশিংটনের যুদ্ধংদেহী মনোভাবের বিপরীতে মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে একথা বলেছে। ‘নিউক্লিয়ার পোসচার রিভিউ’ বা এনআরপি নামে শুক্রবার মার্কিন নতুন পরমাণু নীতি ঘোষণা করে আমেরিকা। এর একদিন পর মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানোনা হলো। মার্কিন নতুন নীতিতে দাবি করা হচ্ছে- কম ধ্বংস ক্ষমতার আণবিক অস্ত্র তৈরি করবে আমেরিকা।
রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, মস্কোকে লক্ষ্য করে এ ধরনের যুদ্ধংদেহী মনোভাবের পরিচয় দেয়া এবং পরমাণু নীতি ঘোষণা করা অত্যন্ত হতাশাজনক। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোর দোহাই দিয়ে পরমাণু অস্ত্র বাড়িয়ে তোলার দুঃখজনক নীতি গ্রহণ করেছে আমেরিকা। তবে পেন্টাগনের এই পদক্ষেপ নিশ্চিতভাবে মস্কোকেও পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে।
রাশিয়াকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে পেন্টাগন যার মাধ্যমে ওবামা আমলের পরমাণু নীতির অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ওবামা প্রতিরক্ষা ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ভূমিকা কমিয়ে আনার নীতি গ্রহণ করেছিলেন। পাশাপাশি পরমাণু অস্ত্রের সংখ্যাও কমানোর নীতি অনুসরণ করেছিলেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩