মার্কিন সিনেটরকে দোহায় আমন্ত্রণ জানাল আফগানিস্তানের তালেবান
https://parstoday.ir/bn/news/world-i52863-মার্কিন_সিনেটরকে_দোহায়_আমন্ত্রণ_জানাল_আফগানিস্তানের_তালেবান
আফগানিস্তানের তালেবান একজন মার্কিন সিনেটরকে ‘পারস্পরিক আলোচনার’ জন্য কাতারের রাজধানী দোহায় আমন্ত্রণ জানিয়েছে। দোহায় কথিত ইসলামিক এমির‍্যাট অব আফগানিস্তানের একটি দপ্তর রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ০৩:৩৮ Asia/Dhaka
  • কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তর
    কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তর

আফগানিস্তানের তালেবান একজন মার্কিন সিনেটরকে ‘পারস্পরিক আলোচনার’ জন্য কাতারের রাজধানী দোহায় আমন্ত্রণ জানিয়েছে। দোহায় কথিত ইসলামিক এমির‍্যাট অব আফগানিস্তানের একটি দপ্তর রয়েছে।

উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলকে এই আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি আফগানিস্তানে আমেরিকার দীর্ঘমেয়াদি যুদ্ধ সম্পর্কে পল এক মন্তব্য করার পর তাকে আলোচনার প্রস্তাব দিল তালেবান।

তালেবানের স্বঘোষিত ইসলামিক এমির‍্যাট অব আফগানিস্তানের ইনফরমেশন কমিটি এক টুইটার বার্তায় লিখেছে, “আমরা পারস্পরিক আলোচনার জন্য সম্মানিত মার্কিন সিনেটর র‍্যান্ড পলকে দোহায় আমাদের রাজনৈতিক দপ্তরে আমন্ত্রণ জানাচ্ছি।” ওই বার্তায় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল

তালেবানের টুইটার বার্তায় আরো বলা হয়েছে, “আমরা র‍্যান্ড পলকে একথা প্রমাণ করে দেব যে, অবিলম্বে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা শক্তিশালী হবে।”

সম্প্রতি কেন্টাকি’র সিনেটর র‍্যান্ড পল আফগান যুদ্ধে আমেরিকার বিশাল বাজেট ব্যয়ের সমালোচনা করেন। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আফগান যুদ্ধে বছরে ৫,০০০ কোটি ডলার খরচ হচ্ছে। এখন সময় হয়েছে সেখান থেকে ফিরে আসার। সেখানে সামরিক উপায়ে বিজয় অর্জিত হবে না।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২