ফোকাস পয়েন্টে ইরান: পাল্টাপাল্টি প্রস্তাবে রাশিয়া ও ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i53633-ফোকাস_পয়েন্টে_ইরান_পাল্টাপাল্টি_প্রস্তাবে_রাশিয়া_ও_ব্রিটেন
ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি প্রস্তাব তুলতে যাচ্ছে রাশিয়া ও ব্রিটেন। এ বিষয়ে আজ (সোমবার) আরো পরে ভোটাভুটি হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৬:৫০ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি প্রস্তাব তুলতে যাচ্ছে রাশিয়া ও ব্রিটেন। এ বিষয়ে আজ (সোমবার) আরো পরে ভোটাভুটি হবে।

একটি প্রস্তাবে ব্রিটেন বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে হবে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বাড়তি ব্যবস্থা নিতে হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে খসড়া প্রস্তাবে দাবি করেছে ব্রিটেন। লন্ডন দাবি করছে, হুথিদেরকে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বুরকান-২

এর আগেও আমেরিকা ও সৌদি আরবসহ কয়েকটি দেশ এ অভিযোগ করেছে কিন্তু ইরান এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সেসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। হুথি যোদ্ধারা বলেছে, ইয়েমেনের সামরিক বাহিনীই তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়িয়েছে।  

এদিকে, রাশিয়া নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব তুলতে যাচ্ছে তাতে শুধুমাত্র ইয়েমেনের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে; ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে কোনো কথা নেই। এ প্রস্তাব মূলত ব্রিটেনের মোকাবেলায় তোলা হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগকে ভিত্তিহীন বলে তুলে ধরছে মস্কো।

পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইয়েমেনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে সৌদি আরব

মজার বিষয় হচ্ছে- সৌদি আরব ইয়েমেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে অথচ তারাই আবার ইরানের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা ও সৌদি অপরাধযজ্ঞ আড়াল করতেই ব্রিটেন ইরান-বিরোধী প্রস্তাব আনছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬