সিরিয়া একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে পারেনি: ট্রাম্পের মিথ্যাচার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার নেতৃত্বাধীন তিন পশ্চিমা দেশ গত ১৪ এপ্রিল যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার প্রত্যেকটি সিরিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং একটি ক্ষেপণাস্ত্রও দামেস্ক ধ্বংস করতে পারেনি।
তিনি সোমবার ওয়াশিংটনে এক বক্তব্যে আরো বলেন, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করার পর ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এ দাবি করলেন।
কোমি রোববার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যেকোনো প্রসঙ্গে অনর্গল মিথ্যা বলে যান এবং বিশ্বাস করেন আমেরিকার জনগণ তার এসব মিথ্যা কথা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে।
এ ছাড়া, ট্রাম্প এমন সময় সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মিথ্যাচার করলেন যখন সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলা সম্পর্কে ভিন্ন তথ্য তুলে ধরেছে। ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিন পশ্চিমা দেশ সিরিয়াকে লক্ষ্য করে ১০৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যেগুলোর ৭১টিই গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
সিরিয়া সরকার দেশটির রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকার দুমা শহরে রাসায়নিক হামলা চালিয়েছে বলে দাবি করে ১৪ এপ্রিল ভোররাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাশ্চাত্য।
এদিকে, সিরিয়া ও রাশিয়া বলছে, দুমায় কোনো রাসায়নিক হামলা হয়নি। এ ছাড়া, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা- ওপিসিডাব্লিউ এখন পর্যন্ত দুমায় রাসায়নিক হামলার বিষয়টি নিশ্চিত করেনি। সংস্থাটির একটি শক্তিশালী পরিদর্শক দল আগামীকাল বুধবার দুমার কথিত ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭