ইরানের পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখতে হবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i56682-ইরানের_পরমাণু_সমঝোতা_অক্ষুণ্ন_রাখতে_হবে_চীন
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে চীন। আমেরিকা যখন এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইহুদিবাদী ইসরাইল এ কাজে ওয়াশিংটনকে উস্কানি দেয়ার চেষ্টা করছে তখন এ আহ্বান জানাল বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৮ ০১:৫২ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে চীন। আমেরিকা যখন এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইহুদিবাদী ইসরাইল এ কাজে ওয়াশিংটনকে উস্কানি দেয়ার চেষ্টা করছে তখন এ আহ্বান জানাল বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এ সমঝোতার দীর্ঘমেয়াদি গুরুত্বের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সব পক্ষ এটি অক্ষুণ্ন রেখে তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করবে বলে বেইজিং আশা করছে।

ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে বলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করছে সে সম্পর্কেও কথা বলেন হুয়া চুনিং। তিনি বলেন, ইরান এ সমঝোতা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ এবং এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর একমাত্র ক্ষমতা রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র।

তিনি বলেন, এ পর্যন্ত আইএইএ বহুবার বলেছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে এবং সংস্থাটির পর্যবেক্ষকরা ধারাবাহিকভাবে ইরানে কাজ করে যাচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে যে সমঝোতা সই হয় তার চীন অন্যতম অংশীদার।

দেশটি এমন সময় পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানাল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার হুমকি দিয়েছেন। আগামী ১২ মে ট্রাম্প তার প্রশাসনের এ সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩