তালেবানের হামলায় তছনছ গজনির পুলিশ; নিহত ১৪
-
তালেবান যোদ্ধাদের ফাইল ফটো
আফগানিস্তানের গজনি প্রদেশে তালেবানের ভয়াবহ হামলায় অন্তত ১৪ পুলিশ নিহত হয়েছে। এর মধ্যে একজন জেলা প্রলিশ প্রধানসহ দুই কর্মকর্তা রয়েছেন।
কয়েকদিন আগে তালেবান শর্তসাপেক্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছিল। তারপরও এই হামলা হলো।
আফগান সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান গেরিলারা গতকাল (সোমবার) গজনি প্রদেশের অন্তত দুটি চেকপয়ন্টে হামলা চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয় এবং আজ সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। গজনির দিহ ইয়াক চেকপয়েন্টে জেলা পুলিশপ্রধান ফায়জুল্লাহ তুফান ও রিজার্ভ কমান্ডার হাজি বারাকাতসহ সাত পুলিশ নিহত হয়। অন্য সাত পুলিশ মারা গেছে জাঘাতু জেলায়।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি দাবি করেন, জাঘাতু জেলা পুলিশ সদরদপ্তর এবং দিহ ইয়াকের কয়েকটি চেকপয়েন্ট দখল করে নিয়েছে তালেবান। পাশাপাশি তালেবান গেরিলারা রাজধানী কাবুলের সাধারণ লোকজনকে সতর্ক করে সামরিক ও গোয়েন্দা কেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২