প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে তালেবান; বিদেশি সেনারা বাদ
https://parstoday.ir/bn/news/world-i58658-প্রথমবারের_মতো_যুদ্ধবিরতিতে_তালেবান_বিদেশি_সেনারা_বাদ
আফগানিস্তানের তালেবান যোদ্ধারা সরকারের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে তারা বলেছে, যুদ্ধবিরতির আওতায় পড়বে না বিদেশি সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka
  • আফগান তালেবান (ফাইল ফটো)
    আফগান তালেবান (ফাইল ফটো)

আফগানিস্তানের তালেবান যোদ্ধারা সরকারের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে তারা বলেছে, যুদ্ধবিরতির আওতায় পড়বে না বিদেশি সেনারা।

গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দেন। অবশ্য, এ প্রস্তাবের মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং অন্য গ্রুপগুলো পড়বে না।

সরকারের দেয়া প্রস্তাবে আকস্মিকভাবে রাজি হয়েছে তালেবান। আজ (শনিবার) এক বিবৃতিতে তারা ঈদুল ফিতরের সময় মধ্য-জুনের তিনদিনকে যুদ্ধবিরতি বলে ঘোষণা করেছে। তালেবান এও পরিষ্কার করেছে যে, আসন্ন যুদ্ধবিরতির আওতায় থাকবে না বিদেশি সেনারা বরং তাদের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত থাকবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি

বিদেশি সেনাদেরকে দখলদার আখ্যা দিয়ে তালেবান বলেছে, তাদেরকে যেখানে দেখা যাবে সেখানেই হামলা হবে। পাশাপাশি যেকোনো হামলাকে তারা প্রবলভাবে প্রতিহত করব বলে ঘোষণা দিয়েছে।

আফগান সরকার ও তালেবানের মধ্যে এই প্রথম এ ধরনের যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে- আগামী শুক্র অথবা শনিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এ দুদিনের যেকোনো একদিন আফগানিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯