তালেবান জমায়েতে দায়েশের হামলা; নিহত ২৬
-
আহত এক তালেবান যোদ্ধাকে হাসপাতালে নেয়া হচ্ছে
আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় যুদ্ধবিরতি পালনকারী তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি জমায়েতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ২৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনী যখন যুদ্ধবিরতি পালন করছে তখন এই হামলা হলো।
বাতিকোট জেলায় শনিবারের এ হামলার কারণ এখনো অজানা। বোমা হামলায় তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সন্ত্রাসী গোষ্ঠীটি।
এদিকে, আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমাদ বারমাক তালেবান নেতাদের সঙ্গে শনিবার রাজধানী কাবুলে সাক্ষাৎ করেছেন। এছাড়া, বাতিকোট জেলায় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধারা ঈদের দ্বিতীয় দিনে একসঙ্গে নামায পড়েছে। কয়েকদিন আগেও এমন দৃশ্য আফগানিস্তানে কল্পনা করা যেত না। নামাজের পাশাপাশি তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বহিনীর সদস্যরা এক অপরের সঙ্গে কোলাকুলি করে।
তালেবানের এক সদস্য বলেন, “আমরা এখানে এসেছি আমাদের পুলিশ ও সেনাবাহিনীর ভাইদেরকে শুভেচ্ছা জানাতে। আমরা এখন যুদ্ধবিরতি পালন করছি। সবাই যুদ্ধের জন্য কারণে ক্লান্ত। যদি আমাদের নেতারা যুদ্ধবিরতি অব্যাহত রাখার নির্দেশ দেন তাহলে আমরা তা চিরদিনের জন্য পালন করে যাব।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭