মার্কিন সামরিক বাহিনী হচ্ছে তালেবানের প্রধান পৃষ্ঠপোষক: রাশিয়া
-
তালেবান সন্ত্রাসীদের ফাইল ফটো
রাশিয়া বলেছে, আমেরিকা ও ন্যাটো সামরিক জোট হচ্ছে তালেবানের প্রধান পৃষ্ঠপোষক। ন্যাটো সেনাদের সক্রিয় উপস্থিতির পরও এদের পৃষ্ঠপোষকতার কারণে আফগানিস্তানে মাদকদ্রব্যের উৎপাদন ও চোরাচালান মারাত্মকভাবে বেড়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) এ অভিযোগ করেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে রাশিয়া সহযোগিতা দিচ্ছে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে তোলা অভিযোগের জবাব দিয়েছেন জাখারোভা। রুশ মুখপাত্র বলেন, রাশিয়াকে অভিযুক্ত করে মূলত মার্কিন সরকার তালেবানের প্রতি নিজের পৃষ্ঠপোষকতা আড়াল করতে করতে চায়।
জাখারোভা বলেন, তালেবানের সঙ্গে রাশিয়ার সীমিত পরিসরে যোগাযোগ আছে এবং এর কারণ হচ্ছে আফগানিস্তানের রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশটির সংহতি প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তা করা।
জাখারোভা বলেন, মার্কিন কংগ্রেসের বিশেষ কমিটির তদন্তে এরইমধ্যে তলেবানের প্রতি মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতার প্রমাণ মিলেছে। এর উদাহরণ হচ্ছে- বিভিন্ন রিপোর্টে স্বীকার করা হয়েছে, যেসব মার্কিন অস্ত্র ‘চুরি’ হয়েছে অথবা ‘ভুল হাতে’ পড়েছে - তা মূলত তালেবানের হাতেই পড়েছে।
এর আগে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই গত নভেম্বরে সরাসরি বলেছিলেন, তার দেশে মার্কিন সরকার দায়েশ সন্ত্রাসীদেরকে সহযোগিতা দিচ্ছে। আল-জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার দৃষ্টিতে মার্কিন সেনাদের পূর্ণ উপস্থিতি, নজরদারি, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা তৎপরতার মধ্যেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থান ঘটেছে। গত দুই বছল ধরে দেশের জনগণ তাদের দুর্ভোগের বিষয়ে চেচামেচি করলেও আমেরিকা কিছুই করে নি।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩