‘তালেবানের সঙ্গে শান্তি আলোচনা হবে একমাত্র কাবুলের তত্ত্বাবধানে’
-
আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ
আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনার পাশাপাশি আফগান জনগণের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র আফগান সরকারের রয়েছে অন্য কারো নয়।
তিনি রোববার কাবুলে এক সম্মেলনে দেয়া বক্তব্যে বলেন, তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে একচেটিয়া সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অন্য কোনো দেশের নেই।
কোনো কোনো তালেবান নেতার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের খবর নিশ্চিত করে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, আমেরিকাসহ কিছু দেশের কর্মকর্তারা তালেবানের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এই যোগাযোগের অর্থ কোনো অবস্থাতেই শান্তি আলোচনা নয়।
এ ছাড়া, আফগান প্রেসিডেন্টের মুখপাত্র শাহ হোসেইন মোর্তাজাভি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা সম্পর্কে বলেছেন, একমাত্র আফগান সরকারই এই গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে।
এদিকে তালেবান গোষ্ঠীও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলসের সঙ্গে তাদের আলোচনার সত্যতা নিশ্চিত করেছে।
২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী তালেবান গোষ্ঠীকে নির্মূল করার অজুহাতে আফগানিস্তানে আগ্রাসন চালায়। ওই আগ্রাসনের জের ধরে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন হলেও আজ পর্যন্ত এই গোষ্ঠীকে নির্মূল করতে পারেনি আমেরিকা। উল্টো তালেবানের হামলায় এ পর্যন্ত হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়েছে।
শেষ পর্যন্ত মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। কিন্তু আফগান সরকার বলছে, দেশটিতে যেকোনো শান্তি প্রক্রিয়া কাবুলের তত্ত্বাবধানে হতে হবে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন