আফগানিস্তানের আরেকটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা
-
আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনা ও আফগান পুলিশকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
আফগানিস্তানের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে উগ্র গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের আল্লাহুদ্বিন সামরিক ঘাঁটিতে আজ (বুধবার) সকালের দিকে তালেবান গেরিলারা হামলা চালায়।
আজকের হামলায় ৩৫ সেনা ও স্থানীয় ১০ পুলিশ নিহত হয়েছে। পুলিশের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। ঘাঁটিতে হামলার পর তালেবান ওই প্রদেশের আরো দুটি চেকপয়েন্টে আগুন ধরিয়ে দেয়। বাগলান প্রাদেশিক পরিষদের প্রধান মুহাম্মাদ সাফদার মোহসেনি এ খবর দিয়েছেন। তালেবানও হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এ নিয়ে গত দুদিনে দুটি বড় সামরিক ঘাঁটি তালেবানের হামলার শিকার হলো। গতকাল উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তালেবান। ওই হামলায় অন্তত ১৪ সেনা নিহত ও অনেকে আহত হয়েছিল।
এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি শহরে হামলা চালিয়ে তালেবান গেরিলারা শহরটি দখল করে নিলেও সেনারা তা মুক্ত করতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গজনি শহরে হামলা চালায় তালেবান। এতে এ পর্যন্ত ১৪০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন