সিরিয়ায় ইরানি উপস্থিতির প্রতি সম্মান করে রাশিয়া: রিয়াবকভ
-
সিরিয়ার সেনা ও সাধারণ নাগরিকরা ইরান এবং সিরিয়ার পতাকা নিয়ে মার্কিন-বিরোধী স্লোগান দিচ্ছেন (১৪ এপ্রিলের ছবি)
রাশিয়ার অনত্যম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের উপস্থিতির প্রতি রাশিয়া সম্মান দেখায়। সিরিয়ায় ইরানি উপস্থিতিকে তিনি আইনগত দিক দিয়ে বৈধ বলেও উল্লেখ করেছেন।
সিরিয়ায় ইরানের ভূমিকা নিয়ে যখন রাশিয়ার ওপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে বলে খবর বের হচ্ছে তখন রুশ মন্ত্রী এসব কথা বললেন। তিনি বলেন, “দামেস্ক সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ইরান সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সাহায্য করছে। আমরা ইরান সরকারের এ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা দেখাই।” রিয়াবকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর রিয়াবকভ একথা বলেন। ওই আলোচানয় রাশিয়া ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
তিনি জানান, সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে রাশিয়ার অনেক মতপার্থক্য থাকা সত্ত্বেও সিরিয়া পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে মস্কো প্রস্তুত রয়েছে। সিরিয়া ইস্যুতে আমেরিকার ভেতরে নানা রকমের অসঙ্গতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রিয়াবকভ জানান, অনেক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি পোষণ করে রাশিয়া।#
পার্সটুডে/এসআইবি/২৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন