আরো ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক
-
বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট পুতিনের গলায় বন্ধুত্বের পদক পরিয়ে দিচ্ছেন চীনা প্রেসিডেন্ট (গত ৮ জুনের ছবি)
আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
আমেরিকার সঙ্গে চীনের অর্থনৈতিক যুদ্ধের মধ্যে শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্টের এ সফরকে মস্কো-বেইজিং সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী মঙ্গল ও বুধবার শি জিনপিং রাশিয়া সফর করবেন এবং দূর-প্রাচ্যের বন্দরনগরী ভ্লাদিভস্টকে দু নেতা বৈঠক করবেন। গতকাল (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। দেশ দুটি যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। এছাড়া, সিরিয়া ও উত্তর কোরিয়ার মতো জটিল ইস্যুতে অনেকটা একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।
চলতি মাসের শেষ দিকে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশাল সামরিক মহড়ায় যোগ দেয়ার জন্য চীন তিন হাজার ২০০ সেনা ও ৯০০ সামরিক সরঞ্জাম পাঠাবে। স্নায়ুযুদ্ধ পরবর্তী এটাই হবে সবচেয়ে বড় সামরিক মহড়া।#
পার্সটুডে/এসআইবি/৮