সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য জনমত গঠন করছে আমেরিকা: মস্কো
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ার ওপর নতুন করে হামলা চালানোর জন্য বিশ্ব জনমত গঠন করার চেষ্টা করছে মার্কিন সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, মার্কিন সরকার গণমাধ্যমসহ অন্যান্য উপাদান ব্যবহার করে বিশ্বের মানুষকে একথা বোঝানোর চেষ্টা করছে যে, সিরিয়ায় আগ্রাসন জরুরি হয়ে পড়েছে। জাখারোভা সিরিয়ার ইদলিবে বিপুল সংখ্যক সন্ত্রাসীর অবস্থানের কথা উল্লেখ করে সেখানকার আসন্ন সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইদলিবের সন্ত্রাসীরা সেখানে ভুয়া রাসায়নিক হামলার ছবি ও ভিডিও প্রচার করতে পারে বলে ব্যাপকভাবে সতর্ক করে দেয়ার পরও তারা এই ন্যক্কারজনক কাজের প্রস্তুতি নিচ্ছে।
মারিয়া জাখারোভা বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হয়ে যাচ্ছে ভেবে আমেরিকা ও তার মিত্ররা শঙ্কিত হয়ে পড়েছে। তারা সন্ত্রাসীদের টিকিয়ে রেখে সিরিয়ার সংঘর্ষকে দীর্ঘকাল ধরে জারি রাখতে চায়।
সিরিয়ার সেনাবাহিনী দেশটিতে তৎপর পশ্চিমা সমর্থিত সন্ত্রাসীদের সর্বশেষ বড় ঘাঁটি ইদলিব প্রদেশে বড় ধনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অভিযানে বিমান সহায়তা দেবে রাশিয়া এবং ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ার সেনাবাহিনীকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪