আফগান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান
-
রাশিয়ায় শান্তি আলোচনায় অংশ নেয়া তালেবান প্রতিনিধিরা
আগামী মাসে সৌদি আরবে শান্তি আলোচনায় বসার জন্য আফগান সরকার যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তা সরাসরি নাকচ করেছে তালেবান। তালেবান নেতারা বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনা হবে; আফগান সরকারের সঙ্গে নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক নেতা আজ (রোববার) বলেন, আগামী মাসে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় তাদের প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পঞ্চম রাউন্ডের আলোচনায় বসবে কিন্তু সবার পরিষ্কারভাবে জানা উচিত যে, আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে না।
এর আগে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও বলেছিলেন, তালেবান যোদ্ধারা আফগান সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবে না।
এদিকে, প্রেসিডেন্ট আশরাফ গণির সরকার বলছে, যেকোনো আলোচনা হতে হবে আফগান নেতৃত্বাধীন এবং আফগানদের অংশগ্রহণে। সরকার বলছে, তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক উপায়ে তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/এসআইবি/৩০