রোহিঙ্গা সংকটের আঞ্চলিক সমাধান জরুরি: আসিয়ান
-
আশ্রয়ের সন্ধানে একদল রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)
দক্ষিণ-পূর্ব-এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গা সংকটের একটি আঞ্চলিক সমাধান বের করার ওপর জোর দিয়েছেন।
থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত আসিয়ানের এক দিনের বৈঠকে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়ার সাফল্যের জন্য মিয়ানমার সরকারের সহযোগিতা জরুরি।
বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে থাইল্যান্ড। মিয়ানমারের রাখাইন প্রদেশের হাজার হাজার শরণার্থী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। এ ছাড়াও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা।
গত বছর ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা প্রাণ হারায়। লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
মিয়ানমারে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হত্যাযজ্ঞ ও নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। #
পার্সটুডে/মু.আমির হুসাইন/১৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন