ট্রাম্প প্রশাসনকে আলোচনায় আন্তরিক মনে হচ্ছে: তালেবান
https://parstoday.ir/bn/news/world-i67792-ট্রাম্প_প্রশাসনকে_আলোচনায়_আন্তরিক_মনে_হচ্ছে_তালেবান
আফগানিস্তানের তালেবান বলেছে, দেশটির যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ০৭:৪৭ Asia/Dhaka
  • দোহা আলোচনায় অংশ নেয়া তালেবান প্রতিনিধি
    দোহা আলোচনায় অংশ নেয়া তালেবান প্রতিনিধি

আফগানিস্তানের তালেবান বলেছে, দেশটির যুদ্ধ অবসানের লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসনকে আন্তরিক মনে হচ্ছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল (শুক্রবার) বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে। এখন আমেরিকা যদি এ সমঝোতা বাস্তবায়ন করে এবং তারা যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় ও সমঝোতার ওপর টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে।” জবিউল্লাহ মুজাহিদ খানিকটা জোর দিয়েই বলেন, “দেখে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক।”   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তালেবান মুখপাত্র দাবি করেন, “আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে।” এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

তালেবান এককভাবে ক্ষমতা দখল করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে তা তিনি নাকচ করেন। জবিউল্লাহ মুজাহিদ বলেন, “কাবুল সরকার সহযোগিতা করলে কোনো যুদ্ধ কিংবা দ্বন্দ্বের প্রয়োজন হবে না।” তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।#  

পার্সটুডে/এসআইবি/২