মার্কিন-তালেবান আলোচনায় আশাবাদী নন আফগান উপদেষ্টা
-
হামদুল্লাহ মোহিব
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আফগান জনগণের সঙ্গে কথা বলতে হবে। আর বর্তমান আফগান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে বাদ দিয়ে কোনো অর্থপূর্ণ শান্তিচুক্তি সম্ভব নয়। তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সইয়ের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তার ফলে যে সে দেশে শান্তি আসবে, এমনটা মনে করেন না তিনি।
গতকাল (সোমবার) নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এক মতবিনিময় অনুষ্ঠানে হামদুল্লাহ মোহিব এসব কথা বলেন। এ সময় তিনি আবারও তালেবানকে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, আফগান সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছি।
তবে তালেবান এর আগে জানিয়েছে, তারা আফগান সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তারা আলোচনা করবে না। মার্কিন সেনা উপস্থিতি সম্পর্কে হামদুল্লাহ মোহিব বলেন, মার্কিন সেনারা চলে গেলেও তার দেশে যুদ্ধ শেষ হবে না। আফগান বাহিনীই এই যুদ্ধ চালিয়ে যাবে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এটা আমাদের যুদ্ধ। আমেরিকা কেবল তাতে সহায়তা করছে।’
পাকিস্তানের নাম উল্লেখ না করে হামদুল্লাহ মোহিব বলেন, প্রতিবেশী দেশটি এখনো তালেবানের প্রধান অস্ত্র সরবরাহকারী। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আফগানিস্তানের ৬০ শতাংশ মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বাস করে বলে তিনি জানান। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন