কাবুলের প্রতিক্রিয়া: ‘খালিলজাদ আফগানিস্তানের বড়লাট হতে চান’
https://parstoday.ir/bn/news/world-i68861-কাবুলের_প্রতিক্রিয়া_খালিলজাদ_আফগানিস্তানের_বড়লাট_হতে_চান’
তালেবানের সঙ্গে আমেরিকার কথিত শান্তি আলোচনা থেকে আফগান সরকারকে বাইরে রাখা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও কাবুল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, আফগান সরকাররকে ‘অবৈধ’ প্রমাণ করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০১৯ ০৭:৩৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব
    আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব

তালেবানের সঙ্গে আমেরিকার কথিত শান্তি আলোচনা থেকে আফগান সরকারকে বাইরে রাখা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও কাবুল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, আফগান সরকাররকে ‘অবৈধ’ প্রমাণ করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।

গত বেশ কিছুদিন ধরে আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ আফগান সরকারকে বাদ দিয়ে সরাসরি তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা চালাচ্ছেন। আফগান বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক এর আগে কাবুলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আমেরিকা সফররত মোহিব বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, মার্কিন বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ হয় কি করে আলোচনা করতে হয় তা জানেন না অথবা তার মাথায় আফগানিস্তানে শান্তি স্থাপন ছাড়া অন্য কোনো অশুভ উদ্দেশ্য রয়েছে।

খালিলযাদ (বামে) এবং কাতারে তালেবানের দপ্তর (ডানে); এই দপ্তরে তালেবানের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছেন খালিলযাদ

মোহিব ওয়াশিংটনে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগে বলেন, “সাবেক রাষ্ট্রদূত খালিলজাদের ব্যক্তিগত ইতিহাস আমাদের জানা আছে। তিনি দুইবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন।”

মার্কিন প্রতিনিধির আচরণে ক্ষুব্ধ আফগানিস্তানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মোহিব আরো বলেন, আফগানিস্তানের জনগণ ও সরকারের মধ্যে এখন এই ধারনা প্রবল আকার নিয়েছে যে, জালমাই খালিলজাদ দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার সৃষ্টি করতে চান যেখানে তিনি নিজে বড়লাটের দায়িত্ব পালন করবেন।

কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে খালিলজাদ যে আলোচনা চালাচ্ছেন সে ব্যাপারে এই প্রথম কাবুল কঠোর প্রতিক্রিয়া জানাল।

গণমাধ্যমের খবরে এসেছে, তালেবানই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। তবে প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সরকারকে বাদ দিয়ে তালেবান ও আমেরিকার মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫