তালেবান হামলা থেকে প্রাণে বাঁচলেন আফগান ভাইস প্রেসিডেন্ট; দেহরক্ষী নিহত
https://parstoday.ir/bn/news/world-i69252-তালেবান_হামলা_থেকে_প্রাণে_বাঁচলেন_আফগান_ভাইস_প্রেসিডেন্ট_দেহরক্ষী_নিহত
আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তাম তালেবানের এক হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও হামলায় তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। দোস্তামের ঘনিষ্ঠ সহযোগী কানিশকা তুর্কিস্তানি’র বরাত দিয়ে আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ০৭:০৯ Asia/Dhaka
  • তালেবান হামলা থেকে প্রাণে বাঁচলেন আফগান ভাইস প্রেসিডেন্ট; দেহরক্ষী নিহত

আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তাম তালেবানের এক হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও হামলায় তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। দোস্তামের ঘনিষ্ঠ সহযোগী কানিশকা তুর্কিস্তানি’র বরাত দিয়ে আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।

শনিবার আফগানিস্তানের বাল্‌খ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফ থেকে জুযজান প্রদেশে যাওয়ার সময় দোস্তামের গাড়ির বহরের ওপর কয়েক দফা হামলা চালায় তালেবান। মাজার শরিফের একটি জনসভায় ভাষণ দিয়ে জুযজান যাচ্ছিলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট।

কয়েকটি সূত্র জানিয়েছে, এক ঘণ্টা ধরে চলা এসব হামলায় দোস্তামের দু’জন দেহরক্ষীসহ গাড়িবহরে থাকা আরো কয়েকজন আহত হন।

আব্দুর রশিদ দোস্তাম

এ সম্পর্কে আব্দুর রশিদ দোস্তামের জুম্বিশ পার্টির মুখপাত্র বশির আহমাদ তাইয়েঞ্জ জানিয়েছেন, তার গাড়িবহরে হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকার পরও ভাইস প্রেসিডেন্ট পূর্ব নির্ধারিত সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় দোস্তামের গাড়িবহরে হামলার দায়িত্ব স্বীকার করে দাবি করেছেন, তাদের হামলায় দোস্তামের চার দেহরক্ষী নিহত হয়েছেন।

মাজার শরিফের জনসভায় আব্দুর রশিদ দোস্তাম ঘোষণা দেন, সরকার তাকে ক্ষমতা দিলে তিনি মাত্র ছয় মাসের মধ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলকে তালেবান-মুক্ত করে দেবেন।

এ নিয়ে গত বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর দোস্তাম দ্বিতীয় দফা হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেলেন। ২০১৮ সালের জুলাই মাসে কাবুল বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসা জনগণের ভিড়ে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০