খাশোগির খুনিরা আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত: ওয়াশিংটন পোস্ট
-
জামাল খাশোগি
আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খুনিরাই সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে ১৫ জনের যে ঘাতক দলটি তুরস্কে গিয়েছিল তাদের মধ্যে কয়েক জন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
এর মধ্যে ঘাতক মাহের মুতরেবের নাম পত্রিকাটি উল্লেখ করেছে। মাহের মুতরেব পাশবিক ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।
হত্যাকাণ্ডের সময়কার একটি রেকর্ডে দেখা যায়, খাশোগিকে হত্যার সময় গভীর ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরে ব্যাগ চেপে ধরা হয়। খাসোগি চিৎকার করে সে সময় বলেছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে। আমার শ্বাসকষ্ট আছে। এটা করবেন না।’ এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ভোঁ ভোঁ শব্দ শোনা যায় ওই রেকর্ডে। বলা হচ্ছে ইলেকট্রিক কোনও যন্ত্র দিয়ে খাশোগিকে টুকরো টুকরো করা হয়।
জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। #
পার্সটুডে/৩১