আবারো একটি জেলা দখল করেছে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i69373-আবারো_একটি_জেলা_দখল_করেছে_তালেবান
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের একটি জেলা দখল করে নিয়েছে তালেবান সন্ত্রাসীরা। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বালা মুরকাব শহর দখলের এ লড়াইয়ে তালেবান ও সরকারি সেনা- দু পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৬, ২০১৯ ১১:১৭ Asia/Dhaka
  • আবারো একটি জেলা দখল করেছে তালেবান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের একটি জেলা দখল করে নিয়েছে তালেবান সন্ত্রাসীরা। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বালা মুরকাব শহর দখলের এ লড়াইয়ে তালেবান ও সরকারি সেনা- দু পক্ষই বড় রকমের ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।  

গত দুই মাস ধরে বালা মুরকাব এলাকাটি তালেবান সন্ত্রাসী ও সরকারি সেনাদের জন্য সংঘর্ষের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে, বাড়তি সেনা মোতায়েন না করলে বালা মুরকাব তালেবানের হাতে চলে যেতে পারে। 

বালা মুরকাব সংঘর্ষে ৩৬ জন সরকারি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি চেকপয়েন্ট দখলে নিয়েছে তালেবান। গত বুধবার থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ তালেবানও নিহত হয়েছে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, বালা মুরকাব দখলের জন্য তালেবান যোদ্ধারা চারদিক থেকে হামলা চালিয়েছে।  

আফগানিস্তানে সাধারণত বসন্ত শুরুর পর থেকে সংঘর্ষ  জোরদার হয়। এছাড়া, তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তাতে শক্ত অবস্থান নিশ্চিত করার জন্য তালেবান বেশি জায়গা দখলে নিতে চাইছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/৬