মার্কিন সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i69762-মার্কিন_সেনা_ফেরত_নেয়ার_ওপর_জোর_দেবে_তালেবান
মার্কিন সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় আফগানিস্তান থেকে বিদেশী সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৯ ০৯:২০ Asia/Dhaka
  • আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা
    আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা

মার্কিন সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় আফগানিস্তান থেকে বিদেশী সেনা ফেরত নেয়ার ওপর জোর দেবে তালেবান।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগের আলোচনাগুলোতে দুপক্ষ সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল, এবার সময়সীমা ঠিক করা হবে। কাতারের রাজধানী দোহা থেকে শনিবার সুহাইল এ সাক্ষাৎকার দেন।

তিনি জানান, মার্কিন সেনা প্রত্যাহার করার বিনিময়ে তার সংগঠন এ প্রতিশ্রুতি দিয়েছে যে, কোনো দেশের ওপর সন্ত্রাসী হামলা চালানোর জন্য আফগানিস্তানকে তারা ব্যবহার করতে দেবেন না। এসব সমঝোতা নিয়ে এখন বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা বলেছেন তালেবানের এ মুখপাত্র।

আমেরিকার সঙ্গে তালেবানের আলোচনা (ফাইল ফটো)

গত মার্চ মাসে তালেবান ও মার্কিন প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় সর্বশেষ আলোচনা করে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমে খালিলজাদ। সে সময় তিনি আলোচনাকে “বাস্তব পদক্ষেপ” আখ্যা দিয়ে বলেছিলেন, এবার আশা করা যাচ্ছে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটবে।#

পার্সটুডে/এসআইবি/২২