সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দিল মার্কিন সিনেট
https://parstoday.ir/bn/news/world-i71380-সৌদি_আরবের_কাছে_সমরাস্ত্র_বিক্রির_পরিকল্পনা_আটকে_দিল_মার্কিন_সিনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রির যে উদ্যোগ নিয়েছিলেন তা আটকে দিয়েছে দেশটির সিনেট। সিনেট সদস্যরা বলেছেন, মানবাধিকারের ব্যাপারে ওই দুই আরব দেশের রেকর্ড খারাপ থাকায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২১, ২০১৯ ১১:৩৫ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে  সৌদি যুবরাজ  বিন সালমানের সাক্ষাৎ
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ বিন সালমানের সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রির যে উদ্যোগ নিয়েছিলেন তা আটকে দিয়েছে দেশটির সিনেট। সিনেট সদস্যরা বলেছেন, মানবাধিকারের ব্যাপারে ওই দুই আরব দেশের রেকর্ড খারাপ থাকায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার এ সংক্রান্ত ভোটাভুটিতে সমরাস্ত্র বিক্রির পরিকল্পনার বিপক্ষে ৫৩ জন ও পক্ষে ৪৫ জন সিনেট সদস্য ভোট দেন। মার্কিন সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

গতমাসে দুই আরব দেশের কাছে ৮ দশমিক ১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল সিনেটের এই বিলের মাধ্যমে তা আটকে দেয়া হলো। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য বৃহস্পতিবার সিনেটে তিনটি বিল পাস হয়। দ্বিতীয় ও তৃতীয় বিল যথাক্রমে ৫৩-৪৫ ও ৫১-৪৫ ভোটে পাস হয়। সিনেটে পাস হওয়ার পর এখন বিলগুলো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হতে হবে।

গতমাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করেন।  কিন্তু বৃহস্পতিবার দুই দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিনেট অস্ত্র বিক্রি আটকে দেয়ার জন্য ওই তিনটি বিল পাস করেছে।  প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি এই প্রস্তাবে ভেটো দেবেন।  ডেমোক্রেট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও অস্ত্র বিক্রির এ উদ্যোগ আটকে যাওয়ার সম্ভাবনা আছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২১