সমঝোতার পর থেকে ইরান মাত্র ৩০০ কোটি ডলার পেয়েছে: কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান এ পর্যন্ত আটককৃত সম্পদের মাত্র পাঁচ শতাংশ পেয়েছে। গত জুলাইয়ে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ঐতিহাসিক পরমাণু সমঝোতার পরে এ অর্থ পেয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, আটককৃত ১০ হাজার কোটি ডলারের মধ্য কেমন মাত্র ৩০০ কোটি ডলার ইরান পেয়েছে। ওয়াশিংটনে ইহুদিবাদী ইসরাইলকে সমর্থনকারী বামপন্থী একটি গোষ্ঠী জে স্ট্রিটের ভোজসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এ সমঝোতা মোতাবেক দীর্ঘমেয়াদে ইরান আরো ৫৫০০ কোটি ডলার পাবে। মার্কিন কোনো কোনো প্রেসিডেন্ট প্রার্থী একে ভুলে সাড়ে ১৫ হাজার কোটি ডলার বলছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া, তিনি আরো বলেন, অন্য অনেকে একে ১০ হাজার কোটি ডলার বলে মনে করছেন। মার্কিন প্রশাসনের হিসাব অনুযায়ী এ অর্থের পরিমাণ ৫৫০০ কোটি ডলার বলে জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং কেরি আজ(মঙ্গলবার) আরো পরে নিউ ইয়র্কে এ বিষয়ে কথা বলবেন। পরমাণু সমঝোতাকে আমেরিকা সম্মান করছে না বলে ইরানি কর্মকর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।#
মূসা রেজা/১৮