‘সংঘর্ষ বৃদ্ধি সত্ত্বেও চুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা ও তালেবান’
https://parstoday.ir/bn/news/world-i73282-সংঘর্ষ_বৃদ্ধি_সত্ত্বেও_চুক্তির_দ্বারপ্রান্তে_আমেরিকা_ও_তালেবান’
আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ বলেছেন, তালেবানের সহিংসতা- সংঘর্ষ বৃদ্ধি সত্ত্বেও আফগান এ গোষ্ঠীর সঙ্গে আমেরিকা শান্তি চুক্তি সই করার কাছাকাছি অবস্থায় রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১১:৩৪ Asia/Dhaka
  • কথা বলছেন জালমে খলিলজাদ
    কথা বলছেন জালমে খলিলজাদ

আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ বলেছেন, তালেবানের সহিংসতা- সংঘর্ষ বৃদ্ধি সত্ত্বেও আফগান এ গোষ্ঠীর সঙ্গে আমেরিকা শান্তি চুক্তি সই করার কাছাকাছি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, এ চুক্তি সই হলে আফগানিস্তানের সংঘর্ষ কমে যাবে এবং আফগান বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। 

আফগানিস্তানের কৌশলগত কন্দুজ শহরে তালেবান নতুন করে ব্যাপক আকারে হামলা চালানোর পর গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে এসব কথা বলেছেন মার্কিন কূটনীতিক খলিলজাদ। তিনি জানান, কাতারের রাজধানী দোহায় সম্প্রতি তালেবান ও আমেরিকা তাদের সর্বশেষ দফা আলোচনা সম্পন্ন করেছে।

কুন্দুজ শহরে তালেবানের হামলার পর আফগান সেনার সতর্ক প্রহরা

তিনি বলেন, আমেরিকা এবং আফগান তালেবানের মধ্যে শান্তি চুক্তি হলে সম্মানজনক এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে আলোচনা করতে পারবে। এর মাধ্যমে ঐক্যবদ্ধ ও সার্বভৌম আফগানিস্তান প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি দাবি করেন, এমন আফগানিস্তান প্রতিষ্ঠিত হলে তা আমেরিকা, তাদের মিত্র এবং অন্য কোনো দেশের জন্য হুমকি হবে না। তালেবানের সঙ্গে আমেরিকার যে আলোচনা চলছে তাতে আফগান সরকারকে রাখা হচ্ছে না। এ নিয়ে আফগান সরকারের ভেতরে ক্ষোভ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১