তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা বন্ধ; খুশি আফগান সরকার
-
আশরাফ গনি (বামে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান তালেবানের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা দেওয়ার পর আফগান সরকার বলেছে, যেকোনো শান্তি প্রক্রিয়ায় আফগান জনগণ ও সরকারের অংশগ্রহণ থাকতে হবে।
প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তর আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, "আমরা প্রথম থেকেই বলে আসছি আলোচনা হতে হবে সরাসরি আফগান সরকারের সঙ্গে। এছাড়া তালেবানকে মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতি মেনে নিতে হবে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে এক টুইটে জানিয়েছেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন না। আজ রোববার ওই গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যদিয়ে আমেরিকা আফগান সরকারের দাবি মেনে নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক এলাকায় গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হন। ন্যাটোর নেতৃত্বাধীন মিশনের এক রুমানিয়ার সেনাও নিহত হন। ওই ঘটনার দায় স্বীকার করে তালেবানেরা।
এর আগে গত সোমবার আফগান-আমেরিকান কূটনীতিক যালমে খালিলযাদ ঘোষণা করেন যে, তালেবানদের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। আফগান সরকারকে এড়িয়ে মার্কিন সরকার সরাসরি তালেবানের সঙ্গে চুক্তি করার প্রস্তুতি নিয়েছিল। এ কারণে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তার পূর্বনির্ধারিত আমেরিকা সফর স্থগিত ঘোষণা করেছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।