আমেরিকার সঙ্গে আলোচনা ভঙ্গ: রাশিয়ায় গেল তালেবান প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i73647-আমেরিকার_সঙ্গে_আলোচনা_ভঙ্গ_রাশিয়ায়_গেল_তালেবান_প্রতিনিধি_দল
আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাতারের রাজধানী দোহায় চলে আসা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তালেবানের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৪:৪১ Asia/Dhaka
  • তালেবান প্রতিনিধিদল
    তালেবান প্রতিনিধিদল

আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাতারের রাজধানী দোহায় চলে আসা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তালেবানের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে।

কাতারভিত্তিক তালেবানের মুখপাত্র সোহেল শাহিন রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে জানিয়েছেন, রাশিয়া সফরে গিয়ে প্রতিনিধি দলটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত  জামির কাবুলভের সঙ্গে বৈঠক করেছে। ওই বৈঠকে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে রুশ পক্ষ আমেরিকার সঙ্গে তালেবানের আলোচনা নতুন করে শুরুর ওপর গুরুত্ব আরোপ করেছে।

এদিকে কাতার থেকে তালেবানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, শান্তি আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনা বাতিল করে দেয়ার বিষয়ে রুশ সরকারকে জানানোর জন্য সফর অনুষ্ঠিত হয়েছে। তালেবান ও আমেরিকার মধ্যে যখন একটি চুক্তি প্রায় সই হওয়ার কাছাকাছি অবস্থায় ছিল তখন ডোনাল্ড ট্রাম্প আলোচনা বাতিল ঘোষণা করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪