শান্তি আলোচনার জন্য ইরান সফর করল তালেবান প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i73724-শান্তি_আলোচনার_জন্য_ইরান_সফর_করল_তালেবান_প্রতিনিধি_দল
কাতারভিত্তিক তালেবানের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য সম্প্রতি তেহরান সফর করেছেন এবং তারা ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১০:১১ Asia/Dhaka
  • তালেবান প্রতিনিধিদল
    তালেবান প্রতিনিধিদল

কাতারভিত্তিক তালেবানের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য সম্প্রতি তেহরান সফর করেছেন এবং তারা ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তালেবান প্রতিনিধিরা আমেরিকার সঙ্গে তাদের  ভেঙে যাওয়া আলোচনাসহ আফগান শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরানি কর্মকর্তাদের অবহিত করেন।

বলা হচ্ছে- তালেবান প্রতিনিধিরা ইরানের কয়েকজন রাজনৈতিক নেতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে আফগান শান্তি আলোচনা এবং আন্তঃআফগান সংলাপ নিয়ে কথা বলেন। আমেরিকার সঙ্গে তালেবানের শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর এটি ছিল তালেবানের পক্ষ থেকে দ্বিতীয় বিদেশ সফর। ইরান সফরের আগে তারা রাশিয়া সফর করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কাতারভিত্তিক তালেবানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, এসব সফরের উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলোর নেতাদেরকে শান্তি প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে ইরান ও রাশিয়ার কর্মকর্তাদের ধারণা দেয়া ছিল এই সফরের উদ্দেশ্য।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা বাতিল করে দেন। তিনি দাবি করেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে রাজধানী কাবুলে তালেবানের বোমা হামলায় একজন মার্কিন সেনাসহ ১২ ব্যক্তি নিহত হওয়ার পর ওই আলোচনা বন্ধের সিদ্ধান্ত নেন। তালেবান ও আমেরিকার পক্ষ থেকে জানা গেছে যে, শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল এবং যে কোন মুহূর্তে শান্তি চুক্তি সই হত পারতো।#

পার্সটুডে/এসআইবি/১৭