আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা: ৪০ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i73915-আফগানিস্তানে_বিয়ের_অনুষ্ঠানে_হামলা_৪০_ব্যক্তি_নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর গুলিবর্ষণে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অনুষ্ঠানের নিকটবর্তী এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে এসব ব্যক্তি দূর্ঘটনাবশত নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৬:০০ Asia/Dhaka
  • আফগান সরকারি বাহিনীর সদস্য
    আফগান সরকারি বাহিনীর সদস্য

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে সরকারি বাহিনীর গুলিবর্ষণে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অনুষ্ঠানের নিকটবর্তী এলাকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে এসব ব্যক্তি দূর্ঘটনাবশত নিহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের কাছে একটি বাড়িতে অভিযান চালানোর সময় এসব হতভাগ্য ব্যক্তি প্রাণ হারান। বাড়িটি তালেবান জঙ্গিদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে তারা দাবি করেছেন।

হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান জানিয়েছেন,  হামলায় ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়। এসব ব্যক্তি মুসা কালা জেলার খাকসার এলাকায় হামলার স্থলের কাছাকাছি অবস্থিত একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পরিষদের আরেক সদস্য আব্দুল মজিদ নিহতের সংখ্যা ৪০ জন বলে জানিয়েছেন।  

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনীর অভিযানে বিদেশী নাগরিকসহ তালেবান গোষ্ঠীর ২২ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি ১৪ জনকে আটক করা হয়েছে। বেসামরিক ব্যক্তি নিহতের ঘটনায় তদন্ত চালানো হবে বলেও মন্ত্রাণালয় জানিয়েছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।