উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ শুরুর ব্যাপারে আশাবাদী ট্রাম্প ও মুন
-
বৈঠক করছেন ট্রাম্প এবং মুন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের অবকাশে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে আবার আলোচনা শুরু করার বিষয়ে কথা বলেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে শীর্ষ সম্মেলন শেষে দুই নেতা উত্তর কোরিয়ার সঙ্গে আবার সংলাপ শুরু হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে আলোচনা অচলাবস্থার মধ্যে পড়ে। ট্রাম্প এবং মুন বলেন, সম্ভাব্য অনুষ্ঠেয় আলোচনায় যেখানে অংশ নেয়ার ব্যাপারে পিয়ংইয়ং আগ্রহ প্রকাশ করেছে সেখান থেকে বাস্তবসম্মত ফলাফল বের হয়ে আসার ব্যাপারে তারা আশাবাদী।
হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প আশাবাদী যে তার সঙ্গে অনুষ্ঠিত দুই শীর্ষ বৈঠকে কিম যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পরিপূর্ণভাবে রক্ষা করবেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ বৈঠকে কিম প্রথম পদক্ষেপেই পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া এরপর আর কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় নি এবং দুই দেশের মধ্যে সম্পর্ক এখন খুব ভালো অবস্থায় আছে। তিনি বলেন, "আমরা কোনো কিছু করতে পারি কিনা তা আমরা করে দেখাতে চাই। আমরা যদি সফল হই তাহলে তা হবে খুবই বড় ব্যাপার। যদি আমরা সফল না হই তাহলেও কোনো সমস্যা নেই। এরপর কি ঘটবে তাও আমরা দেখতে চাই।"#
পার্সটুডে/ বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।