আফগানিস্তানে মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০১৯ সাল
আমেরিকা আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পর ২০১৯ সাল ছিল আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর। আমেরিকা ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
আমেরিকার জাতীয় সম্প্রচার সংস্থা এনপিআর এক রিপোর্টে জানিয়েছে, গত সোমবার তালেবান হামলায় ৩০ বছর বয়সি মার্কিন সেনা গ্রিন বার্ট নিহত হয়। এ নিয়ে চলতি বছর আফগানিস্তানে ২০ জন মার্কিন সেনা নিহত হলো।
একই দিন তালেবান হামলায় আহত ও হাসপাতালে চিকিৎসাধীন আরেক মার্কিন সেনা প্রাণ হারিয়েছিল। গত ২২ ডিসেম্বর কান্দাহার প্রদেশে তালেবান হামলায় ওই সেনা গুরুতর আহত হয়।ওই সেনা ছিল চলতি বছর আফগানিস্তানে নিহত ১৯তম মার্কিন সেনা।
এনপিআর আরো জানিয়েছে, টুইন টাওয়ারে হামলার জের ধরে ২০০১ সালের শেষদিকে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ৪০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে পালাক্রমে সাত লাখ ৭৫ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং এদের মধ্যে অনেক সেনাকে কয়েকবার করে দেশটিতে পাঠানো হয়েছে। এসব সেনার মধ্যে দুই হাজার ৪০০ জনের মৃত্যু ছাড়াও ২০ হাজার ৫৮৯ জন মার্কিন সেনা আহত হয়েছে।
আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাতে আফগানিস্তানে আগ্রাসন চালালেও আজ পর্যন্ত দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি পশ্চিমারা।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।